ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, সংসদে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১০, ৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

মঙ্গলবার (সেপ্টেম্বর ৮) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। গতকাল সোমবার ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কর্মীরা।

তিনি বলেন, এ বিষয়ে আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতালির স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি